আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকারঃ সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকারঃ সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদেশে অবস্থানরত শেখ হাসিনাসহ গণহত্যা ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে জড়িতদের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনতে সরকার রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

সংসদে প্রশ্নোত্তর পর্বে আখতার হোসেন সম্প্রতি ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের বিষয়টি তুলে ধরেন। তার অভিযোগ, বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধনের ওপর হামলা চালান।

আখতার হোসেন জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতিসংঘের একটি কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলে তিনিও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনে যুক্ত সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা বিদেশে গেলে তাদের ওপর হামলা, হেনস্তা ও হুমকির ঘটনাও অব্যাহত রয়েছে বলে তিনি সংসদে উল্লেখ করেন।

এসব ঘটনায় বিদেশের মাটিতে হামলাকারীদের আইনের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কোনো দ্বিধা করবে না।

সংসদে নিজের প্রথম বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান হুমায়ুন কবির। বিদেশে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার শামিল।

তিনি আরও বলেন, জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, গণহত্যা ও অন্যান্য অপরাধে জড়িত এবং বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করবে।

শেখ হাসিনাসহ বিদেশে অবস্থান করে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়া ব্যক্তিদের ‘আইনের দীর্ঘ হাত’ ব্যবহার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দৃঢ় অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182972