পদ্মায় প্রবল স্রোত, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌ-পথে ফেরি চলাচল বন্ধ

পদ্মায় প্রবল স্রোত, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌ-পথে ফেরি চলাচল বন্ধ

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের নাজিরগঞ্জ এবং রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া নৌ-পথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড স্রোতের কারণে গত রোববার থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে স্থানীয় লোকজন বলছে কর্তৃপক্ষ স্রোতের নাম করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে। কেননা পদ্মা নদীর ওই স্রোতের প্রতিকূলে প্রতিদিন বেশ কয়েকটি খেয়া নৌকা ওই রুটে চলাচল করছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব শিকদার জানান, ইতিপূর্বে উক্ত নৌ-পথে সড়ক ও জনপথ বিভাগ নিয়ন্ত্রিত ইউটিলিটি(ছোট) ফেরি চলাচল করতো। কিন্তু বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে বিআইডব্লিউটিসি নিয়ন্ত্রিত দু’টি কে-টাইপের তিনতলা বিশিষ্ট বড় ফেরি সার্ভিস চালু করা হয়। তবে ফেরি দু’টি বড় হলেও অতি পুরাতন এবং মান্ধাতার আমলের।

সেকারণে নদী স্বাভাবিক থাকলেও যানবাহন একটু লোড বেশি হলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। কিন্তু তার পরও এতোদিন ফেরি সার্ভিস চালু ছিল। কিন্তু হঠাৎ করে গত রোববার বিকাল থেকে স্রোতের প্রতিকূলে চলাচল বিঘ্নিত হওয়ার নাম করে ফেরি দু’টি বন্ধ করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ট্রাক ড্রাইভার মন্টু মোল্লা ও বাস ড্রাইভার রায়হান উদ্দিন বলেন, প্রতিদিন ওই নৌ-রুট হয়ে রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও বরিশাল জেলার বিভিন্ন পণ্য ও যাত্রীবাহী শতাধিক ট্রাক এবং বাস চলাচল করে।

সেই সাথে একাধিক অক্সিজেনবাহী যানবাহন ওই একই রুটে ফেরি পার হয়ে ফরিদপুর থেকে পাবনায় আসে। কিন্তু হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ওই সকল যানবাহন ঘাটে এসে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে গবাদিপশুর খাবারবাহী ট্রাকের দুর্ভোগের শেষ নেই।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) মো: আনিসুজ্জামান বলেন, স্রোতের প্রতিকূলে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্রোত কমে গেলে আগের মতোই স্বাভাবিক চলাচল করবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182966