ঠাকুরগাঁওয়ের অসহায় কামালের পাশে পল্লী চিকিৎসক আকাশ

ঠাকুরগাঁওয়ের অসহায় কামালের পাশে পল্লী চিকিৎসক আকাশ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মাত্র ১ হাজার ৫শ’ টাকার সামান্য পুঁজি সম্বল করে জীবনযুদ্ধের কঠিন লড়াইয়ে নেমেছিলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ভূমিহীন কামাল। সম্প্রতি বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে তার সেই জীবন সংগ্রামের করুণ ও অনুপ্রেরণাদায়ী গল্প প্রকাশিত হয়।

কামালের করুণ জীবন সংগ্রামের সংবাদটি রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবিক পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশকে গভীরভাবে ব্যাথিত ও আলোড়িত করে। সংবাদের জের ধরে গত সোমবার সন্ধ্যায় সরাসরি কামালের ছোট্ট দোকানে উপস্থিত হন আলাল হোসেন আকাশ। অসহায় কামালের জীবন সংগ্রামকে কিছুটা সহজ করতে ও তার লড়াইয়ে পাশে দাঁড়াতে একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন, রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আনোয়ার হোসেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মানুষের হাসিমুখের চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না।

আমি দীর্ঘদিন সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। আগামীতেও পরম করুণাময়ের কৃপায় সমাজের অবহেলিত, দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবায় এভাবেই নিজের দু’টি হাত প্রসারিত করে রাখতে চাই।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182961