বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, যারা দেশ থেকে টাকা লুটপাট করে, মানুষ খুন করে পালিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে দুইজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান। এদিন সংসদে প্রথমবারের মতো বক্তব্য রাখেন তিনি।

অধিবেশনের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহত জুলাইযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একজন জুলাইযোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলা।’

ঘটনার বিস্তারিত তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রখ্যাত বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিস শহরে একটি পার্কে তার ভাই, ভাবি এবং চার বছর বয়সী এক শিশুকে নিয়ে হাঁটছিলেন।

এ সময় বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসী ও আওয়ামী লীগের কর্মীরা তার ওপর কাপুরুষোচিত হামলা চালায়।
 

এ ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘আমি আজ (মঙ্গলবার) সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি।

আমরা ইতালিয়ান পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি এবং বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছি। প্রধানমন্ত্রীর পক্ষে আমি আজ বিকেলে বাঁধনের সঙ্গে কথা বলেছি এবং এই বিষয়ে আমাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছি।’

 

ভেনিসের স্থানীয় পুলিশ এই ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক সাড়া দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছেন। বাঁধন পুলিশ ও দূতাবাসের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করবেন। এরপর আমাদের দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অত্যন্ত জোরালোভাবে বিষয়টি তুলে ধরবে।

অপরাধীদের দেশে ফিরিয়ে আনার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে পিছপা হবে না। যারা আমাদের কোষাগার লুট করে, মানুষ হত্যা করে দেশ থেকে পালিয়েছে, আইনের দীর্ঘ হাত ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ নেব।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182925