বগুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নিহত
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে লাভলী বেগম (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এসআই বাবলুর রহমান বলেন, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182895