সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা সূত্র জানা যায়, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।

বিশেষ করে পবিত্র মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ও গণমাধ্যমের নেতৃবৃন্দ।

 

সভায় জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফর করবেন। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

একই দিন বিকেলে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

 

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে বহরে জরুরি চিকিৎসা সহায়তার জন্য মেডিক্যাল টিম, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি ভিআইপি কেবির প্রস্তুত রাখা, ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জেলা স্টেডিয়ামের উন্নয়নে সরেজমিন পরিদর্শন করা, সার্কিট হাউজ ও দরগাহ এলাকায় রং করা ও সৌন্দর্য বর্ধন, সিসি ক্যামেরা সচল রাখা, এয়ারপোর্টের ভিআইডি লাউঞ্জের সংস্কার, রেল স্টেশনে প্রস্তুতি এবং সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয়। এসব কারণে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের খেয়াল রাখার তাগিদ দেওয়া হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182845