চট্টগ্রাম বন্দর অবৈধ দখলমুক্ত করার আশ্বাস নৌমন্ত্রীর
বিগত সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের যেসব জায়গা অবৈধভাবে লিজ দেওয়া হয়েছিল, সেসব লিজ বাতিল করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বন্দরের সব জায়গা পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
নৌপরিবহনমন্ত্রী জানান, এরই মধ্যে বেশ কয়েকটি লিজ বাতিল করে দুটি জায়গা উদ্ধার করা হয়েছে। একটি জায়গা নিয়ে মামলা চলায় আদালতের শরণাপন্ন হতে হয়েছে।
বন্দর ব্যবস্থাপনায় রেকর্ড সাফল্যের কথা জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে জাহাজকে দিনের পর দিন অপেক্ষা করতে হয় না।
পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) একটি স্বনামধন্য সৌদি প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা দিচ্ছে। লালদিয়ায় পিপিপি মডেলে ডেনমার্কের এপিএম টার্মিনালসের মাধ্যমে ‘গ্রিন টার্মিনাল’ হচ্ছে। এখানে প্রায় ৮ মিলিয়ন ডলার বিনিয়োগ আসছে এবং ৩ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
গত ছয় মাসে মোংলা বন্দরে আগের বছরের তুলনায় ২২৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।