ইতালির ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ইতালির ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর। উৎসবের ৮৩তম আসরের সম্মানজনক ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। এর মধ্য দিয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ভেনিসের পর্দায় ইতিহাস গড়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

গত ২ সেপ্টেম্বর শুরু হওয়া ১২ দিনব্যাপী উৎসবের মূল ভেন্যু পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে গত শনিবার সন্ধ্যায় সিনেমাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরদিন রোববার সালা দারসেনা থিয়েটারে হয় দ্বিতীয় প্রদর্শনী। এ ছাড়া স্থানীয় সময় সোমবার বিকেলে অ্যাস্ট্রা-১ ও অ্যাস্ট্রা-২ থিয়েটারে সিনেমাটির আরও দুটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।

শৈশবের স্মৃতি, একটি বিউটি পার্লার এবং বিয়েবাড়ির ভীতিপ্রদ গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রায় দুই দশক ধরে সিনেমাটির ভাবনা নিয়ে কাজ করছেন পরিচালক রুবাইয়াত হোসেন। ছোটবেলায় বিউটি পার্লারে শোনা একটি গল্প ও সেই সময়ের কিছু স্মৃতি তাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়িয়েছে। সেই স্মৃতি থেকেই ঢাকার একটি বিউটি পার্লার, একটি বিয়ে এবং শৈশবের এক ভয়ংকর গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর নারীনির্ভর নির্মাণদল। আবহ সংগীত ছাড়া চিত্রগ্রহণ, সম্পাদনা, প্রোডাকশন ডিজাইনসহ সিনেমাটির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্বে ছিলেন নারীরা।

এ প্রসঙ্গে পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, নারী টেকনিশিয়ানদের দক্ষতা ও কাজের গতি তাকে বিস্মিত করেছে। তার মতে, ‘নারীরা ভালো সিনেমা বানাতে পারে না’—এমন ভুল ধারণা ভাঙার ক্ষেত্রেও সিনেমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন চৌধুরী করিম। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অতিথি চরিত্রে দেখা গেছে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে।

ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে সিনেমাটির প্রদর্শনী হবে। আগামী বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182828