দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামে ‘অর্থহীন’, থাকছে আরও পাঁচ ব্যান্ড
চট্টগ্রামকে বলা যায় বাংলার ব্যান্ড-ভূমি। দেশের জনপ্রিয় অনেক ব্যান্ড ও শিল্পীর পথচলা শুরু হয়েছে এই অঞ্চল থেকে। সেই চট্টগ্রামের মঞ্চে দীর্ঘ পাঁচ বছর পর গান করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’।
আগামী ১১ সেপ্টেম্বর নগরীর নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে এই কনসার্টে ‘অর্থহীন’ ছাড়াও পারফর্ম করবে আরও পাঁচটি ব্যান্ড ও শিল্পী। তারা হলো—অ্যাভয়েড রাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।
গত জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর। সেখানে পারফর্ম করে আটটি ব্যান্ড, যার মধ্যে ছিল ‘অর্থহীন’ও। ওই কনসার্টের মধ্য দিয়েই দীর্ঘ ১৬ মাস পর মঞ্চে ফেরে বেজবাবা সুমনের ব্যান্ডটি। এবার একই আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রামের দর্শকদের মাতাতে যাচ্ছেন সুমন ও তার সতীর্থরা।
চট্টগ্রামের কনসার্ট নিয়ে ‘অর্থহীন’-এর ফেসবুক পেজে বলা হয়েছে, “দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের মাটিতে আবারও প্রত্যাবর্তন হচ্ছে ‘অর্থহীন’-এর! আপনারা প্রস্তুত তো, চট্টগ্রামবাসী?”
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’-এ। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ৩টায় শুরু হবে কনসার্ট। দর্শকদের প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। আয়োজন চলবে রাত ১০টা পর্যন্ত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182813