ঢাবিতে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের উদ্যোগে এবং শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশাররফের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন সেশনের আটটি দল অংশ নেয়। ৩ তারিখ সন্ধ্যায় জার্সি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। ফাইনালে ২২-২৩ সেশনকে হারিয়ে ২৪-২৫ সেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নং সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান ও শামসুল আরেফীন সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আলামিন, আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, আয়াজ মো. ইমন, প্রচার সম্পাদক তানভীর হাসান এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘শিখর’-এর পৃষ্ঠপোষকতায় এবং রিনভী মোশাররফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আকরামুল হাসান বলেন, ‘বেগম খালেদা জিয়া এমন একজন আপসহীন নেত্রী ছিলেন, যিনি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সারাজীবন লড়াই করে গেছেন। তাঁর নামে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।’
প্রধান বক্তার বক্তব্যে নাহিদুজ্জামান শিপন বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। এরই ধারাবাহিকতায় ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও মনোযোগী করার চেষ্টা করা হচ্ছে।’
বিশেষ অতিথির বক্তব্যে আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ ও স্লাটশেমিংয়ের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠনমূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছে।’
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182738