ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় ছয়তলা বিশিষ্ট একটি বহুতল ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছেন দেশটির উদ্ধারকর্মীরা। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে ভবন ধসের ওই ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অতিথিদের আবাসন হিসেবে ব্যবহৃত ভবনটি আকস্মিক ধসে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের জীবিত উদ্ধারে ভবনের ধ্বংসস্তূপের নিচে তিল্লাশি চলছে।

তবে ভবনের ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবা সংস্থা দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেছেন, ভবনটি ধসে পড়ার সময় সেটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেছেন, আজ রোববার হওয়ায় তাদের অধিকাংশই বাসায় ছিলেন।

দুর্ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচার আকুতি শুনতে পেয়েছেন।


প্রাথমিকভাবে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধসে যাওয়া ভবনের আশপাশে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপের মাঝে জীবিতদের খুঁজছেন। উদ্ধারকর্মী ও ভারী যন্ত্রপাতি পৌঁছানোর অপেক্ষা না করেই স্থানীয় বাসিন্দারা খালি হাতেই ধ্বংসস্তূপ সরাতে শুরু করেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকা পড়েছেন এবং বহু মানুষ সেটি তুলে ধরার চেষ্টা করছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ভবন ধসের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন।


সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182711