কুমারখালীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরআগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এই ঘটনায় রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনের থানায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
ওসমান প্রামানিক একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান প্রামাণিক শনিবার রাত ১১টার দিকে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে পাওনা টাকা আদায় করতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের দুলাইভাই ইসমাইল শেখের বাড়িতে যান। সেখানে টাকা না পেয়ে পিস্তল দিয়ে দুলাভাইকে হুমকি দেখান। সেসময় খবর পেয়ে স্থানীয় জনতা ও কুমারখালী থানা পুলিশ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, টাকা সংক্রান্ত জেরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আসামি তার দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিল। সেসময় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ আসামিকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা রুজু হয় এবং রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182674