তিন মার্কিন রণতরী ও ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : ইরানি তেলবাহী তিন ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সমর্থনে হরমুজ পার হতে যাওয়া তিন ট্যাংকারে হামলা করা হয়েছে। এছাড়াও ভিন্ন জলসীমায় আরও তিনটি মার্কিন জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরে (আইআরজিসি)। এর পাশাপাশি ইরানের অনুমতি ছাড়া ওয়াশিংটনের প্ররোচনায় জাহাজগুলোকে হরমুজ পার না হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এদিকে, রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে আইআরজিসি দাবি করেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। হামলায় উভয় যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরে সেগুলো ওই এলাকা ত্যাগ করে বলে দাবি করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির অনুমোদনহীন নৌপথে তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে তাদের বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনীর প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। অননুমোদিত নৌপথ দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার কোনো সন্দেহজনক তৎপরতা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনাদের লক্ষ্যবস্তু করা হবে।’ রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (ইরনা) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরজিসির দাবি, যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজের চলাচলে বাধা সৃষ্টি করছিল এবং ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধে অংশ নিচ্ছিল। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর উভয় জাহাজ ‘সংঘর্ষের এলাকা’ থেকে সরে যায়।
আইআরজিসি আরও দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দুটি নৌযানে হামলার বিষয়টি স্বীকার করেছে যা তাদের অভিযানের সত্যতা নিশ্চিত করে। একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র সামরিক অভিযান অব্যাহত রাখলে ইরানের সশস্ত্র বাহিনী আরও ‘ভারী’ পাল্টা জবাব দেবে। তবে, ভিন্ন বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
সেন্টকম জানিয়েছে, ইরান আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন নৌযানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। দুটি যুদ্ধজাহাজই হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং কোনো মার্কিন সেনা আহত হয়নি। সেন্টকম আরও জানিয়েছে, এরপরই মার্কিন বাহিনী তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। সূত্র: মেহের ও তাসনিম নিউজ এজেন্সি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182651