শনির আখড়ায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় এলাকায় দুর্বৃত্তের গুলিতে আসলাম খান (৪০) নামে এক কুকার ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কদমতলী থানার শনিআখড়া রয়েল হাসপাতালের সামনে 'লাকীর কুকারিজ' দোকানের ভেতরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত আসলামকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. মনোয়ার হোসেন জানান, রাতে দোকানের ভেতরে থাকা অবস্থায় অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত এসে আসলামের বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, আসলাম খান পেশায় রাইস কুকার ব্যবসায়ী। তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার শাহজাহানপুর গ্রামের আলী আকবর খানের ছেলে। বর্তমানে তিনি শনির আখড়ার পলাশপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনির আখড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তার বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলির আঘাত রয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত ঘাতককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182628