বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত
বগুড়ায় সাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী পরিবেশ বিষয়ক কর্মসূচি জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড-২০২৬। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের উদ্যোগে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ এর ডেপুটি ডিরেক্টর রউফা খানম প্রমুখ।
বগুড়া জিলা স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী অস্কন রায় ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জারিন সুবাহ রাহি’র উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের প্রেসিডেন্ট ও বিশেষ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী মুশরাত মাহজাবীন মাহা, ভাইস প্রেসিডেন্ট রূপান্তি বড়ুয়া, হেড অব স্টাডি এন্ড এ্যানালাইসিস ডিপার্টমেন্ট তাসনুভা তাসকিন মুনতা।
অনুষ্ঠানে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল, বিএম ল্যাবরেটরি স্কুল, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল, পুলিশ লাইন্স স্কুল ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের গাছের চারা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182619