ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধানক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধানক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। ভালো ফলনের আশায় হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকেরা এখন ধান ক্ষেতের পরিচর্যা ও কীটনাশক স্প্রে নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছরের চেয়ে এ বছর ১০ হেক্টর জমিতে আমনের চাষাবাদ বেশি হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ১৬ হাজার ৪৩৫ হেক্টর, এ বছর তা ছাড়িয়ে আবাদ হয়েছে ১৬ হাজার ৪৪৫ হেক্টর।

হরিপুর গ্রামের কৃষক ইউনুছ বলেন, দুই বিঘা জমিতে ব্রি ধান-৭৫ ও বিনা ধান -১৭ রোপণ করেছি। ধান গাছের বয়স ৫০-৫৫ দিন। এই সময় পোকা ও মাজরা পোকার আক্রমণ বেশি হয়। তাই কীটনাশক স্প্রে করছি। পরিচর্যা ঠিকমতো করলে বিঘায় ১৮ থেকে ২০ মণ ফলন হতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, এখন আমন ধানের থোড় ও ফুল আসার সময় তাই এ সময়েই ধান ক্ষেতের পরিচর্যার উপযুক্ত সময়। কৃষকদের আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি যেন তারা সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করে এবং অপ্রয়োজনে কীটনাশক ব্যবহার না করে।

কৃষি অফিসের লোকজন মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের সাথে পরামর্শ দিচ্ছেন এবং সঠিক পরিমাণে সার ও কীটনাশক ব্যবহারের বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182587