মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৮

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৮

ঢাকা থেকে মরদেহ নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স সড়কের পাশের খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় এক পথচারী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খাদে পড়ে থাকা অ্যাম্বুলেন্স থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৯) ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শনিবার সকালে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সদরপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

উদ্ধারের পর আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের আরেকটি অ্যাম্বুলেন্সে করে জামালগঞ্জে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া বলেন, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের এক তরুণী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকায় মারা যান। স্বজনরা তাঁর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। পথে সদরপুর এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহসহ অ্যাম্বুলেন্সে থাকা সবাইকে উদ্ধার করেন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সটিতে মরদেহসহ ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অন্য একটি অ্যাম্বুলেন্সে করে জামালগঞ্জে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182560