ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন
শহর প্রতিনিধি : বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এই মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনার প্রতিবাদ করায় রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের গ্রেফতার করা হয়। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারকৃত স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। পরে মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা ।
গত সপ্তাহের মঙ্গলবার রাতে আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুতে পরিবার ও স্বজনরা অভিযোগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের দুই দফায় সংঘর্ষ, মারামারি ও হতাহতের ঘটনা ঘটে।
পরে, হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮—১০ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার পর বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় আটক ছয় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182556