ইউএস ওপেনে গাঁজার গন্ধে ম্যাচ বন্ধ!

ইউএস ওপেনে গাঁজার গন্ধে ম্যাচ বন্ধ!

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনে শীর্ষ তারকা আরিয়ানা সাবালেঙ্কা এক অদ্ভুত কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য করলেন চেয়ার আম্পায়ারকে। কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচে টেনিস কোর্টে গাঁজার গন্ধ পাওয়ায় বন্ধ রাখা হয়েছিল সাবালেঙ্কার ম্যাচ!

বেলারুশ টেনিস তারকা সাবালেঙ্কা গাঁজার তীব্র গন্ধে একাধিকবার বেসামাল হয়েছেন। সার্ভ করার সময় মনোযোগে বিঘ্ন ঘটার পর চেয়ার আম্পায়ারের সহায়তা চান তিনি। আগে কখনোই টেনিস কোর্টে এতটা তীব্র গন্ধ পাননি বলে অভিযোগ করেন বেলারুশের এই তারকা। লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় গেমে সার্ভ করতে গিয়ে বল ওপরে ছোড়ার পর সেটি মাটিতে পড়তে দেন সাবালেঙ্কা। পরের পয়েন্টেও একই ঘটনা ঘটে। স্পষ্টতই কোনো একটি বিষয় তাকে বিরক্ত করছিল। এরপর চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে সহায়তা চান তিনি।

ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, ‘আমি জানি না; গন্ধটা দর্শকদের কাছ থেকে আসছিল, নাকি বাইরে থেকে বাতাসের সঙ্গে স্টেডিয়ামে ঢুকছিল। শুধু আশা করি, তারা বিষয়টি নিয়ে একটু বেশি সচেতন হবে।’ সাবালেঙ্কা আর বলেছেন, ‘আমি মনে মনে ভাবছিলাম, আপনারা যা খুশি করতে পারেন। যা খুশি ধূমপান করেন, যতটা খুশি আরাম করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করার সময় এই গন্ধ সামলানো একটু কঠিন।’

এর আগে নিক কিরিওস ও মারিয়া সাকারির মতো খেলোয়াড়রাও ম্যাচ চলাকালে গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ করেছিলেন। ইউএস ওপেনের ভেন্যুর পেছনে একটি পার্ক রয়েছে, যেখান থেকেই সাধারণত এই গন্ধ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অনাকাক্সিক্ষত এ বিষয়ে ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ব্রেন্ডন ম্যাকইনটায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারের বাইরে কী হচ্ছে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে এই স্থাপনাকে ধূমপানমুক্ত রাখতে আমরা সতর্ক থাকছি। নিরাপত্তা ও অতিথিসেবা দলকে কেউ ধূমপান করছে বলে জানানো হলে তারা ব্যবস্থা নেয়। নিউ ইয়র্কে এটি বৈধ হলেও পার্ক অঞ্চল, টেনিস সেন্টারে যে ধূমপান নিষিদ্ধ সেসব জানিয়ে দেওয়া হয়।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182537