নওগাঁর নিয়ামতপুরে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বৃক্ষরোপণ, কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট ও পুকুর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একইসাথে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন করিন থেভো, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী, ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, গোফরইমপ্যা প্রকল্পের প্রধান সাইফ মনজুর-আল-ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
অতিথিরা পানিহারা ভোলা পুকুরপাড়ে গাছের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ৩টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা মৌজায় প্রকল্পের অংশগ্রহণমূলক জলবায়ু ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন অতিথিরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182495