৫ দিন পর শনিবার থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : টানা ৫ দিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর আজ শনিবার থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হচ্ছে।
এর আগে, গত ৩০ আগস্ট থেকে ভারতের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বাংলাদেশে পণ্য রপ্তানি ও বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করে দেন। ফলে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকার পাশাপাশি আমদানি-রপ্তানির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মচাঞ্চল্যও কমে যায়।
ধর্মঘটের কারণ ও বাণিজ্যিক বিভিন্ন সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হিলি স্থলবন্দরের অবকাঠামোগত সমস্যা, বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং ব্যবসায়ীদের নানা অভিযোগ নিয়ে আলোচনা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ভারতীয় ব্যবসায়ীরা।
ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডল বলেন, প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় আজ শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, ভারতীয় ব্যবসায়ীদের সাথে প্রশাসনের বৈঠক ও ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি তারা জানতে পেরেছেন। দীর্ঘ ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দরের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।
কার্যক্রম পুনরায় চালু হচ্ছে এতে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরবে এবং দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য স্বাভাবিক ধারায় ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182494