নীলফামারীর ডিমলায় যুবককে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে পথরোধ করে উপর্যুপরি কুপিয়ে লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানীর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দক্ষিণ ঝুনাগাছ চাপানী গ্রামের নুরল ইসলামের ছেলে আব্দুল হালিম(৩৫) গত বুধবার রাতে চাপনীর হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে একই এলাকার আজিজুল ইসলামের ছেলে আতাউর রহমানসহ (৩৫) ৩-৪ জন ব্যক্তি তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হালিমের ঘাড় ও ডান কাঁধে উপর্যুপরি কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
এসময় তার কাছে থাকা এক লাখ ১০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে পথচারীরা ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হালিমের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় আহত হালিমের বাবা নুরল ইসলাম আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিমলা থানায় আতাউর রহমানসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182493