নওগাঁর মান্দায় হাতুড়ি পেটায় আহত ব্যক্তির ৫ মাস পর মৃত্যু

নওগাঁর মান্দায় হাতুড়ি পেটায় আহত ব্যক্তির ৫ মাস পর মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ৫ মাস পর সারওয়ার জাহান উজ্জল(৪৫) মারা গেছেন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সারওয়ার জাহান উজ্জল নুরুল্লাবাদ ইউনিয়নের চকভোলাই গ্রামের কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উজ্জল একই এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি বসতবাড়ি কিনেছিলেন। বাড়িটি কেনার পর  কালীগ্রাম গ্রামের ইউপি সদস্য রাজু আহমেদ(৫০) ও তার সহযোগিরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মার্চ দুপুরে তাকে কালীগ্রাম উপ-স্বাস্থ্য-কেন্দ্রের পেছনে নিয়ে মারধর করা হয়।

এজাহারে বলা হয়েছে, ইউপি সদস্য রাজু আহমেদ ও শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি উজ্জলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় উজ্জলের স্ত্রী সাথী আক্তার বাদি হয়ে ইউপি সদস্য রাজু আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মান্দা থানায় মামলা করেন।

সাথী আক্তার বলেন, হামলার পর তার স্বামীকে দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর আবার তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182480