ব্রাহ্মণবাড়িয়ায় জুমার নামাজের পর জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িশ্বর গ্রামের বাসিন্দা আব্দুল আউয়ালের সঙ্গে একই গ্রামের ফজলুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আব্দুল আউয়ালের ছেলে নামিজ উল্লাহ নিহত হন। এছাড়া আহত হন উভয় পক্ষের অন্তত ১৫ জন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182476