তবুও বর্ষায় হাতছানি দেয় চলনবিল
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ বিল চলনবিল। বর্ষায় সেজেছে নতুন সাজে। অসংখ্য নৌকায় দেশের বিভিন্ন এলাকার মানুষ আসছে চলনবিল ভ্রমণে। তবুও এক অপরুপ চলনবিল। দৃষ্টি যতদূর যায়, শুধু জলরাশি। মন জুড়িয়ে যায়। বিচিত্র প্রকৃতির অপার শোভায় মনপ্রাণ কেড়ে নেয় বিলের গ্রামান্তর। গ্রীষ্ম, বর্ষা, শরৎসহ ষড় ঋতুতেই দেখা মেলে চলবিলের অপরূপ বৈচিত্র্যের নানা মনোমুগ্ধ নিদর্শন।
চলনবিল দেশের বিস্তৃত এক জলাভূমির নাম। পাবনা-সিরাজগঞ্জ-নাটোর জেলার বিস্তৃীর্ণ এলাকা জুড়ে এ বিলের অবস্থান। শুকনো মৌসুমে বিলের আয়তন অনেক কমে গেলেও তা প্রাণ ফিরে পায় বর্ষাকালে। তাই ভ্রমণ পিপাসুদের বর্ষা মৌসুমে চলনবিল হয়ে উঠেছে উপযুক্ত গন্তব্য। এ বিল হাতছানি দেয়, সম্প্রীতির বন্ধন শেকড়ে নিয়ে যায়। সৌহার্দ্য এনে দেয় বিলের পরিবেশে। বৃহৎ বিচিত্র রুপের জলাধার চলনবিল। জলের চলমানতায় নামকরণ হয়েছে চলনবিল।
এখন বর্ষাকাল হওয়ায় বিলটি ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ-রুপায়ন। যদিও শুকনো মৌসুমে বদলে যায় সবকিছু। দ্বীপের মত গ্রামগুলো যেন একেকটা ভাসমান বাজার। বর্ষায় এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক পাড়া থেকে অন্যপাড়া, গ্রাম থেকে শহর, স্কুল-কলেজ, হাট-বাজারসহ যোগাযোগের সব জায়গায় ভাসমান মানুষগুলোর নিত্য সাথীই যেন ঐতিহ্যবাহী ডিঙি নৌকা।
চলনবিলের চাটমোহরের বওশা, বোয়ালমারী. হান্ডিয়াল, গুরুদাসপুরের বিলশা, উল্লাপাড়ার উধুনিয়া, ভাঙ্গুড়ার দিলপাশার, পাটুলসহ তাড়াশের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের এখন উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসু মানুষগুলো ছুটে আসছে চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য পান করতে, বিশুদ্ধ বিনোদনের জন্য।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182462