নাটোরে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসককে হত্যা

নাটোরে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসককে হত্যা

নাটোর প্রতিনিধি: নাটোরে ছুরিকাঘাতে মো. আনোয়ারুল ইসলাম(৬০) নামে এক হোমিও চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে ঘটনাটি ঘটে। 

নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। চাঁদপুর বাজারে তার একটি হোমিওপ্যাথিক চিকিৎসালয় ও ওষুধের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর বাজারে অবস্থিত নিজের হোমিও দোকানে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় কে বা কারা ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতের বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচ থেকে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182399