সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে পৃথক দু’টি মাদক মামলায় মা-মেয়েসহ তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গত বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল। দন্ডপ্রাপ্তরা হলো- গাইবান্ধা জেলার পলাশপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মারুফ উল ইসলাম ও রংপুর জেলার পীরগাছা থানার তালুক পশুরাম গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মোবাশেরা বেগম ও একই গ্রামের লিটন মিয়ার স্ত্রী সেলিনা বেগম।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ৩ ডিসেম্বর সকাল থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। রাতে রংপুর থেকে ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোবাশেরা বেগম ও তার মেয়ে সেলিনা বেগমকে আটক করে পুলিশ। এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে মামলা দায়ের করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182382