খেলোয়াড় বেচেই নতুন ইতিহাস চেলসির

খেলোয়াড় বেচেই নতুন ইতিহাস চেলসির

স্পোর্টস ডেস্ক : চলতি গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় বিক্রি করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ইংলিশ ক্লাব চেলসি। এবারের দলবদলের মৌসুমে খেলোয়াড় বেঁচে সর্বমোট ৪৪৮ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,৩০০ কোটি টাকা) আয় করেছে লন্ডনের এই ক্লাবটি।

জার্মানভিত্তিক ফুটবল পরিসংখ্যান সংস্থা ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ফুটবলে একক কোনো ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি থেকে এটিই সর্বকালের সর্বোচ্চ আয়ের বিশ্বরেকর্ড, যা প্রিমিয়ার লিগের ক্লাবটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। চেলসির রেকর্ড আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে এনজো ফার্নান্দেজের দলবদল থেকে।
 
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডারকে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ম্যানচেস্টার সিটির কাছে ১৪৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে চেলসি। এই দলবদল যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েছে।

তবে এনজোই একমাত্র বড় বিক্রি নন। আন্দ্রে সান্তোস ৫৬.৩ মিলিয়ন ইউরো, নিকোলাস জ্যাকসন ৫৫.৫ মিলিয়ন ও মার্ক কুকুরেইয়া ৫৫ মিলিয়ন ইউরোতে ক্লাব ছেড়েছেন। এছাড়া লিয়াম ডেলাপ ৫২ মিলিয়ন, ট্রেভো চালোবাহ ৩০ মিলিয়ন, টাইরিক জর্জ ২১ মিলিয়ন, মার্ক গিয়েহি ১৫ মিলিয়ন ও তোসিন আদারাবিওয়ো ১১.৭ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছেন।

মূলত উয়েফা ও প্রিমিয়ার লিগের কঠোর আর্থিক নিয়ম এবং লাভ-ক্ষতির সামঞ্জস্য ধরে রাখার বাধ্যবাধকতার কারণেই বড় তারকাদের বিক্রি করার সিদ্ধান্ত নেয় চেলসি। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছেড়ে দিয়ে যেমন স্কোয়াড হালকা করা হয়েছে, তেমনি আর্থিক চালচিত্রে নিজেদের অনন্য এক উচ্চতায় তুলে ধরেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182329