হরমুজ দিয়ে ৪০ তেলবাহী জাহাজ পার করার দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ৪০টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পার করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হরমুজ পেরোনো এসব জাহাজে প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল ছিল। যুদ্ধ শুরুর পর এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক এসকর্ট অভিযান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
অভিযানের সময় হরমুজ প্রণালির আশপাশে ইরানের প্রায় ৬০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা। মার্কিন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সরঞ্জাম, মাইন পেতে ব্যবহৃত সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্র। এসময় কয়েকটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।
যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহণ হতো। তবে গত সোমবারও ১ কোটি ৭০ লাখের বেশি ব্যারেল তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনেও হরমুজ প্রণালির আশপাশে আরও হামলা হতে পারে। তার দাবি, ইরানি বাহিনী দ্রুত তাদের ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারছে। তাই তাদের ওপর নিয়মিত সামরিক চাপ বজায় রাখা প্রয়োজন বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182319