গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’ : ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই সমস্যার ‘একমাত্র সমাধান’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, গাজাকে জনশূন্য করার এই পরিকল্পনা থেকে ইসরায়েল এখনও সরে আসেনি এবং এটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে ইসরায়েল কাটজ এসব কথা বলেন। তিনি বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়ার পরিকল্পনা এখনও ইসরায়েলের বিবেচনায় রয়েছে। তার ভাষায়, উপত্যকাটি জনশূন্য করাই সমস্যার ‘একমাত্র সমাধান’। এই সম্মেলনে কাটজ আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব থেকে সরে আসেননি। বরং তিনি এটি সাময়িকভাবে ‘স্থগিত’ রেখেছেন। পরিকল্পনাটি নিয়ে এখনও আলোচনা চলছে বলেও জানান তিনি। কাটজ বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে ইসরায়েলের। তিনি আরও বলেন, গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর।
এর আগে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে উপত্যকাটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেয়ার প্রস্তাব সমর্থন করেছিলেন। পরে তিনি একটি ‘যুদ্ধবিরতি’ চুক্তিতে মধ্যস্থতা করেন। ওই চুক্তিতে বলা হয়েছে, গাজা থেকে কাউকে জোর করে চলে যেতে বাধ্য করা হবে না। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো গাজাকে জনশূন্য করার এসব প্রস্তাবকে ‘জাতিগত নির্মূল’ হিসেবে বর্ণনা করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182317