সারের সংকট তৈরির চেষ্টা করছে সংঘবদ্ধ চক্র : কৃষিমন্ত্রী
দেশে বর্তমানে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সারের সংকট তৈরির চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র।
গত কয়েকদিনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং আগামী দিনগুলোতে আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, গত বছর একই সময়ে সরকারের গুদামে ১২ লাখ মেট্রিক টন সার মজুত ছিল। বর্তমানে গুদামে মজুত রয়েছে প্রায় ১৩ লাখ মেট্রিক টন। ফলে দেশে সার নেই, এমন বক্তব্য সঠিক নয়।
তিনি বলেন, উনি যে প্রশ্নটা করেছেন এবং আপনিও এটাকে নিয়ে, আপনার ছাড়া বাকি সংসদ সদস্যের অনেকের মধ্যে এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা আছে বা অনেক কিছু জানতে চাচ্ছেন। উনার বক্তব্য একটা জিনিস ক্লিয়ার করে গিয়েছে, একটা সংঘবদ্ধ দল এ ধরনের কিছু করার চেষ্টা করছে।
কৃষিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট এলাকায় গত অর্থবছরের আগস্টে সারের বরাদ্দ ছিল ১০ হাজার ৫৯০ টন। চলতি অর্থবছরের একই মাসে বরাদ্দ হয়েছে ১ হাজার ৮৪৭ টন।
কেন বরাদ্দে এত পার্থক্য এবং কোথায় সার যাচ্ছে, এ বিষয়ে লিখিত বক্তব্যে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার সরবরাহ গুরুত্বপূর্ণ। সার বিতরণব্যবস্থা কৃষকবান্ধব করতে সরকার ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করেছে। নতুন নীতিমালায় প্রতি ইউনিয়ন ও পৌরসভায় তিনজন ডিলার রাখার বিধান করা হয়েছে। বর্তমানে বিসিআইসি ও বিএডিসির দুজন মাস্টার ডিলারের মাধ্যমে সার সরবরাহের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সংখ্যক ডিলার রয়েছে। নতুন ব্যবস্থায় প্রতিটি ইউনিয়নে আরও একজন মাস্টার ডিলার নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, বিভিন্ন অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ডিলারদের তালিকা করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে সার মজুতের ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন স্থানে গ্রেপ্তার, জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের ডিলারশিপ থাকবে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
সারের সরবরাহ, উত্তোলন, গুদামজাতকরণ, বিক্রয়মূল্য, ডিলার বাছাই ও কার্যক্রম মূল্যায়ন এবং সার পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা ও জেলা সার-বীজ মনিটরিং কমিটি কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী।
মাঠপর্যায়ে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি কমিটি জেলাভিত্তিক দায়িত্ব নিয়ে সার ব্যবস্থাপনা সার্বক্ষণিক মনিটরিং করছে।
কৃষিমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে ১০ সদস্যের, জেলা পর্যায়ে ১৩ সদস্যের এবং কেন্দ্রীয়ভাবে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং কেন্দ্রীয় কমিটির প্রধান কৃষি মন্ত্রণালয়ের সচিব।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182270