বগুড়ার দুপচাঁচিয়ায় মহিলা কলেজের রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে উন্নয়ন কাজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় প্রায় ১ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে মহিলা কলেজের রাস্তার দু’পার্শ্বে বর্ধিত করণসহ উন্নয়ন কাজ চলছে। রাস্তাটির দক্ষিন পার্শে বর্ধিত অংশে বেশ কয়েকটি বৈদ্যুৎতিক খুঁটি রেখেই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
গত ১৭ মে উপজেলা স্মৃতি অম্লান চত্বর হতে তিশিগাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৮শ মিটার রাস্তার কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রেসপল এ্যান্ড রিকোভারী প্রজেক্ট এর আওতায় এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও দুপচাঁচিয়া পৌরসভার বাস্তবায়নে প্রায় ১ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে এ রাস্তাটির উন্নয়ন কাজ চলছে। রাস্তাটির দু’পাশে মহিলা কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজ, শাপলা উচ্চ বিদ্যালয়, মডেল মসজিদ, বিদ্যুৎ এর সাবস্টেশনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এছাড়াও সড়কটির উপজেলা স্মৃতি অম্লান চত্বর মোড় থেকে বগুড়া নওগাঁ মহাসড়কে গিয়ে মিশেছে। ফলে রাস্তাটির গুরুত্ব অনেক বেশি। উন্নয়ন কাজ বাস্তবায়ন হলে যানজট নিরসনসহ ছাত্র-ছাত্রী ও সাধারন মানুষের চলাচলের বিড়ম্বনার হাত থেকে বহুলাংশে রক্ষা পাবে। নির্মিত এ রাস্তার বর্ধিত দক্ষিন পার্শে বেশ কয়েকটি বৈদ্যুৎতিক খুঁটি রয়েছে।
এলাকাবাসী রাস্তার কাজ শেষ করার আগেই বর্ধিত অংশ থেকে খুঁটিগুলো অপসারনের দাবিও জানিয়েছেন। গত রোববার উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু জানান, রাস্তাটির দক্ষিণ পার্শে বর্ধিত অংশে প্রায় ১০টি বৈদ্যুৎতিক খুঁটি অপসারন করা প্রয়োজন।
পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান জানান, বৈদ্যুৎতিক খুঁটিগুলো অপসারণ করার একটি ব্যায়বহুল কাজ। এ সংক্রান্তে দরপত্রে কোনো বরাদ্দ নেই। স্থানীয় ভাবে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে ইতিমধ্যে ২টি বৈদ্যুতিক খুঁটি সরানো হয়েছে। অন্যান্য খুটিগুলো সরানোর ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182249