মাঠে ঢুকে ফুটবলারদের ওপর সমর্থকদের হামলা

মাঠে ঢুকে ফুটবলারদের ওপর সমর্থকদের হামলা

স্পোর্টস ডেস্ক : উরুগুয়ের কোপা এইউএফে দানুবিও ও মন্টেভিডিও সিটি টর্কের ম্যাচে দর্শকদের মাঠে ঢুকে ফুটবলারদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচের শেষ দিকে ২-০ গোলে পিছিয়ে থাকা দানুবিওর একদল সমর্থক নিরাপত্তাবেষ্টনী ভেঙে মাঠে প্রবেশ করেন।

মাঠে ঢুকেই সমর্থকরা দানুবিওর খেলোয়াড়দের দিকে তেড়ে যান। একপর্যায়ে দলের ফুটবলার সেবাস্টিয়ান রদ্রিগেজকে ধাক্কা দেওয়া হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে নিরাপত্তাকর্মীদের পাশাপাশি সতীর্থদের রক্ষায় এগিয়ে আসেন দলের ২০ বছর বয়সী গোলরক্ষক কেভিন মার্তিনেজ।

নিজের পোস্ট ছেড়ে মাঠের মাঝখানে ছুটে যান মার্তিনেজ। সমর্থকদের বাধা দিতে গিয়ে তিনি সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে দানুবিওর অন্য খেলোয়াড় ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কিছুক্ষণের মধ্যেই মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় গুরুতর কোনো শারীরিক আঘাতের খবর পাওয়া যায়নি।

ম্যাচ চলাকালে সমর্থকদের মাঠে প্রবেশ এবং খেলোয়াড়দের ওপর হামলার ঘটনায় দানুবিও ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ঘটনার পর উরুগুয়ের ফুটবলে দর্শকদের নিরাপত্তা ও মাঠে প্রবেশ নিয়ন্ত্রণ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182244