জাতীয় দল ছাড়লেও ফুটবলেই সাম্রাজ্য গড়ছেন মেসি
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জাতীয় দলের আকাশি-সাদা জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। বিশ্বকাপজয়ী অধিনায়ক জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ঠিকই, তবে এই সিদ্ধান্ত কোনোভাবেই ফুটবল থেকে তার বিদায়সংবাদ নয়। বরং সবুজ গালিচার লড়াই শেষে ফুটবলের সঙ্গেই আরো গভীরভাবে জড়িয়ে থাকার এক মাস্টারপ্ল্যান সাজাচ্ছেন এই ফুটবল জাদুকর।
৩৯ ছাওয়া বয়সেও ইন্টার মায়ামির হয়ে মেসির জাদু দেখার মতো। মাঠের পারফরম্যান্সে বয়সের ছাপ পড়তে দেননি এতটুকু। গত শনিবার ক্লাবের হয়ে একাই হ্যাটট্রিকসহ চার গোল করে সেই প্রমাণই দিলেন আরেকবার। চলত এমএলএসে ১৮ গোল নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০২৮ সালের শেষ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। সে হিসেবে ২০২৭-২৮ মৌসুমেও তাকে মাঠে দেখার কথা।
ক্লাবটি কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলে শিরোপার লড়াইয়ে মেসিকে দেখা যাওয়াটাই স্বাভাবিক। তবে চুক্তির মেয়াদই শেষ কথা নয়, বুটজোড়া তুলে রাখার সঠিক সময়টা বেছে নেওয়ার স্বাধীনতা মেসির নিজের হাতেই। যদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মেসি মাঠের খেলাকে বিদায় বলেন, তবুও মায়ামির সঙ্গে সম্পর্ক ভাঙছে না। মাঠের ফুটবলার থেকে ক্লাবের নীতি-নির্ধারণী বা প্রাতিষ্ঠানিক কোনো বড় দায়িত্বে তাকে রেখে দেওয়ার পরিকল্পনা ইতিমধোই সেরে রেখেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।
শুধু এক ক্লাবেই সীমাবদ্ধ নয় মেসির ভাবনার জগৎ। ভবিষ্যতের জন্য তৈরি করছেন নিজস্ব স্পোর্টস এম্পায়ার। চলতি বছর স্পেনের তৃতীয় বিভাগের দল ইউনিয়ন এস্পোর্তিভো কর্নেলার মালিকানা কিনেছেন তিনি। রয়েছে পারিবারিক প্রকল্প ‘লিওনেস এফসি’ এবং উরুগুয়ের এলএসএমে বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে যৌথ উদ্যোগ। জাতীয় দল থেকে মেসির বিদায় নিশ্চিত হলেও ক্লাব ফুটবলে তার শেষটা কবে, তা সময় বলবে। তবে একটা বিষয় পরিষ্কার—খেলোয়াড় হিসেবে অবসর নিলেও ফুটবলের আঙিনা ছেড়ে কোথাও যাচ্ছেন না এলএমটেন। ভিন্ন ভূমিকায়, অন্য পরিচয়ে ফুটবলের রাজত্বেই থেকে যাচ্ছেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182196