কুড়িগ্রামে তিস্তার ভয়াবহ ভাঙন ধসে গেল বুড়িরহাট ক্রসবাঁধ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক ও আশপাশের এলাকা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টায় ক্রসবাঁধের রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে হঠাৎ ভাঙন দেখা দিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বাঁধের একটি অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
নদীর তীরবর্তী বাসিন্দারা জানান, তিস্তার স্রোত বর্তমানে ক্রসবাঁধের ওই অংশের দিকে চাপ সৃষ্টি করছে। ফলে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সড়কের আরও বড় অংশ নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে রাজারহাটের সাথে নদীতীরবর্তী কয়েকটি এলাকার যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকিতে পড়তে পারে।
বুড়িরহাট এলাকার নদীতীরের বাসিন্দা আব্দুল হক, রউফ, শফিকুল, আবুল কালাম ও মমিনুল ইসলামসহ অনেকের দাবি, ভাঙনকবলিত অংশে জরুরি ভিত্তিতে জিওব্যাগ, বালুভর্তি বস্তাসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্রসবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, ক্রসবাঁধের সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হলে শুধু স্থানীয় মানুষই নয়, কৃষিপণ্য পরিবহণ ও দৈনন্দিন যাতায়াতেও বড় ধরণের দুর্ভোগ তৈরি হবে। একই সাথে ভাঙন আরও বিস্তৃত হলে নদীর তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, বুড়িরহাট ক্রসবাঁধে হঠাৎ ভাঙন দেখা দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত ভাঙনরোধে কাজ করা হবে বলে আশা করছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182152