খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়িতে নানা বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনটি উদযাপিত হয়। এসব কর্মসূচিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানবার্ষিকীর প্রথম পর্বে খাগড়াছড়ি খাদ্য গুদামসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজিত এসব কর্মসূচিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার সহ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।