দেশের প্রথম রোবোটিক সার্জারি উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ারে সংবাদ সম্মেলন
ঢাকার মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার গত সোমবার, ৩১ আগস্ট ২০২৬ তারিখে সফলভাবে বাংলাদেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন করে দেশের চিকিৎসাখাতে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, হাসপাতালটিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
- প্রধান অতিথি: অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন, চেয়ারম্যান, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এবং ডিরেক্টর, গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগ।
- ডা. আজহারুল ইসলাম খান, ডিরেক্টর, মেডিকেল সার্ভিসেস, ইউনাইটেড হেলথকেয়ার।
- অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট, এন্ডো-ল্যাপারোস্কপিক অ্যান্ড রোবোটিক সার্জারি বিভাগ এবং ডিরেক্টর, অ্যাডভান্সড এন্ডো-ল্যাপারোস্কপিক সেন্টার, ইউনাইটেড হেলথকেয়ার।
- অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী), বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, ইউনাইটেড হেলথকেয়ার।
- অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিয়াক সার্জারি বিভাগ, ইউনাইটেড হেলথকেয়ার।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট চিকিৎসকরা ইউনাইটেড হেলথকেয়ারে সম্পন্ন হওয়া দুটি সফল রোবোটিক সার্জারির অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর রোবোটিক কোলেসিস্টেকটমি এবং অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারী রোগীর রোবোটিক হিস্টেরেকটমি।
প্রধান সার্জনদের পাশাপাশি ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশের রোবোটিক সার্জারির ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের চিকিৎসাসেবার মান আরও উন্নত করার বিষয়ে তাদের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি সার্জারি এবং ক্যানসার চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানানো হয়। এর মাধ্যমে দেশের রোগীদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা কমিয়ে দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই ইউনাইটেড হেলথকেয়ারের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।