এশিয়ান গেমসে বাংলাদেশের কোচ সালাউদ্দিন, সহকারী তালহা জুবায়ের

এশিয়ান গেমসে বাংলাদেশের কোচ সালাউদ্দিন, সহকারী তালহা জুবায়ের

স্পোর্টস ডেস্ক :  এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে এবার শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। 

সেই মিশনে দলের কোচিংয়ের দায়িত্বে থাকছেন দেশের ক্রিকেটের পরিচিত দুই মুখ মোহাম্মদ সালাউদ্দিন ও তালহা জুবায়ের।

জাতীয় দলের খেলা না থাকলেও সেপ্টেম্বরজুড়ে ব্যস্ত থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। জাপানের নাগোয়ায় বসতে যাওয়া এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলবে বাংলাদেশ।

 

এবারের এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতার সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের শক্তিশালী দল ঘোষণা করেছে।

বাংলাদেশও কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। সোনা জয়ের লক্ষ্য সামনে রেখে প্রায় জাতীয় দলের আদলেই দল সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার তালহা। ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশিক। এছাড়া টিম ম্যানেজার নাফিস ইকবাল এবং ফিজিও বায়েজেদুল ইসলামও দলের সঙ্গে থাকবেন। বিসিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

দলের নেতৃত্ব কার হাতে উঠবে, সেটিও এখন আলোচনায়। অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তাওহীদ হৃদয় কিংবা লিটন দাসকে। দলে থাকছেন মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাকলাইন, সাইফ হাসান, পারভেজ ইমন, তানজিদ তামিম, রিশাদ হোসেন ও রিপন মন্ডলের মতো ক্রিকেটাররা। সব মিলিয়ে এশিয়ান গেমসে শক্তিশালী স্কোয়াড নিয়েই লড়াইয়ে নামতে প্রস্তুত বাংলাদেশ।

এবারের এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে অংশ নেবে মোট ১০টি দল। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাকি ছয় দলকে নকআউট পর্বে ওঠার জন্য খেলতে হবে প্রথম রাউন্ড।

প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে লড়বে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে নকআউট পর্বে। এরপর তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

২৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা। চলবে ১ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ হাতে খুব বেশি সময় নেই বাংলাদেশের। এরই মধ্যে দল গোছানোর কাজ শেষ করে সোনা জয়ের মিশনে নামতে হবে সালাউদ্দিন-তালহাদের। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182103