গাইবান্ধায় ২০৯ বস্তা সার জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় ২০৯ বস্তা সার জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের কাছে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা ২০৯ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭শ’ টাকা। এ ঘটনায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে ‘মেসার্স আজাহার আলী’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি কিংবা চড়া দামে বিক্রির মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না। কৃষকদের স্বার্থে নিয়মিতভাবে বাজার ও সার বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182100