‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার শেষ লটে স্মরণ সাহা

‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার শেষ লটে স্মরণ সাহা

বিনোদন ডেস্ক :  কিছুদিন আগেই তানভীর মোকাম্মেলের নতদুন সিনেমা ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার কাজ শুরু করেছেন মঞ্চ, টিভি নাটকে ও সিনেমার গুণী অভিনেতা স্মরণ সাহা। তানভীর মোকাম্মেলের সিনেমায কাজ করার স্বপ্ন ছিল স্মরণের বহু আগে থেকেই। অবশেষে এই সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে তার স্বপ্ন পূরণ হলো। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলে জানান স্মরণ সাহা। তানভীর মোকাম্মেলের সিনেমায় অভিনয় করতে পেরে খুবই উচ্ছ্বসিত স্মরণ সাহা। পল্লী কবি জসীম উদ্দিনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থের চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। সিনেমাটির শিল্প নির্দেশনায় আছেন উত্তম গুহ।

স্মরণ সাহা বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় তানভীর মোকাম্মেল স্যারের সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছি। কারণ তিনি এই দেশের একজন প্রখ্যাত, অভিজ্ঞ এবং গুণী চলচ্চিত্র নির্মাতা। বলা যায় তার নির্মিত প্রতিটি সিনেমাই নানা কারণে প্রশংসিত হয়েছে। দেশে বিদেশে অনেক সম্মাননাও পেয়েছে। আমারতো বহু আগে থেকেই মনে মনে স্বপ্ন ছিল তার সিনেমাতে অভিনয় করার। অবশেষে এই সিনেমাতে অভিনয় করার মধ্যদিয়ে আমার স্বপ্ন পূরণ হলো। আগামী কিছুদিনের মধ্যেই শেষ লটের কাজ শুরু হবে। শেষ লটে কাজের মধ্যদিয়েই আমার এই সিনেমাতে কাজ শেষ হবে। স্যারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। তিনি সুস্থ থাকুন ভালো থাকুন-এই প্রার্থনা করি।’ এদিকে কিছুদিন আগে সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটে চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্মরণ সাহা। স্মরণ সাহা সহ মোট ২৩ জনের কার্যনির্বাহী কমিটির আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। স্মরণ সাহা জানান, সাভারের সংষ্কৃতি কর্মীদের প্রাণের দাবি ‘সাভারে আধুনিক মিলনায়তন চাই’ বাস্তবায়নের দাবিতে গত ত্রিশ বছর যাবত তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। কারণ স্বাধীনতার ৫৫ বছরেও সাভারের শিল্পীদের জন্য কোনো সরকারই আধুনিক মিলনায়তন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182087