পানিসম্পদ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়
পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি'র সাথে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমে'র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় হয়। এসময় মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পানিসম্পদ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদী ভাঙ্গন, জলবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া জরুরি।
মন্ত্রী আরও বলেন, সরকার দেশের নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদী ভাঙ্গন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান জানান তিনি।
জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও সভায় পানিসম্পদ খাতে চলমান প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182054