জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান। সেখানে তিনি ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মুনাজাতে অংশ নেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দলীয় আদর্শ স্মরণ করছেন।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182030