বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশার
বিয়ের পাঁচ মাস না পেরোতেই বিচ্ছেদের পথে হাঁটলেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। কয়েক মাসের জল্পনার পর সোমবার (৩১ আগস্ট) রাতে যৌথ বিবৃতিতে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান তারা।
চলতি বছরের মার্চে ঘরোয়া আয়োজনে বিয়ে করা এই তারকা দম্পতি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে বাদশা বলেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজেদের নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানিয়ে বাদশা বলেন, এ বিষয়ে এটিই তাদের একমাত্র বক্তব্য। সম্পর্ক নিয়ে আর কোনো অনুমান বা জল্পনা না করতেও সবার প্রতি অনুরোধ জানান তারা।
গত জুলাই থেকেই বাদশা ও ইশার দাম্পত্যজীবনে টানাপোড়েনের গুঞ্জন ছড়াতে শুরু করে। সে সময় ইশা বাদশার সঙ্গে নিজের কয়েকটি ছবি ও ভিডিওর কোলাজ প্রকাশ করে ভাঙা হৃদয় ও হাতজোড় করার ইমোজিসহ লেখেন, ‘প্রতিটি ঝড়ই একটি শিক্ষা এবং প্রতিটি প্রার্থনাই একটি আশা।’ এরপরই তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ তৈরি হয়। সম্প্রতি ইশার মা পুনম রিখির কর্মফল নিয়ে ধারাবাহিক পোস্ট সেই জল্পনা আরও বাড়িয়ে দেয়।
এর আগে গত জুনে ইনস্টাগ্রামের ‘আস্ক মি অ্যানিথিং’ পর্বে বাদশার সঙ্গে বিয়ের খবর প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিলেন ইশা রিখি। এদিকে সালমান খানের সঞ্চালনায় আসন্ন ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে ইশার অংশ নেওয়ার গুঞ্জনের মধ্যেই বিচ্ছেদের খবরটি সামনে এলো।
উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে জেসমিন মসিহকে বিয়ে করেছিলেন তিনি। ২০২০ সালে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। তাদের সংসারে জেসেমি গ্রেস মসিহ সিং নামে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182025