‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি
আন্তর্জাতিক ডেস্ক : মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সৌদি আরবে সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। চুক্তির আওতায় তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের প্রতিনিধিদের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সচিবালয়ের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন পাকিস্তানের একজন প্রতিনিধি।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। যৌথ বিবৃতিতে বলা হয়, চুক্তির আওতায় তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজেদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করবে।
চলতি আগস্টের শুরুতে তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করাই এ চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য।
চুক্তির গুরুত্বপূর্ণ ধারায় বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে বাকি দুই দেশও সেটিকে নিজেদের ওপর হামলা হিসেবে গণ্য করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182020