নওগাঁর রাণীনগরে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন ঘটনায় ৮জনকে গ্রেফতার করেছে। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ সোমবার (৩১ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, গতকাল রোববার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জায়গা-জমি সংক্রান্ত মামলায় উপজেলার করজগ্রামের সায়েদ আলীর ছেলে আব্দুস সাত্তার, একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে বুলু প্রামাণিক, ময়েজ উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম, আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই রাতে ভান্ডার গ্রামের সেকেন্দারের ছেলে মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। মামুনুর রশিদ একটি মামলায় ৩ বছর এবং আরেকটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। ওই রাতেই মধুপুর গ্রামের মোজাহারের ছেলে জালাল উদ্দীন এবং নীচ তালিমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এই দুইজনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। এছাড়া একটি চুরি মামলায় উপজেলার দুধকন্ডি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন সরদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182013