বগুড়ায় প্রতিবন্ধী চালককে মারধরের প্রতিবাদ করায় পিটানোর অভিযোগ, সংবাদ সম্মেলন

বগুড়ায় প্রতিবন্ধী চালককে মারধরের প্রতিবাদ করায় পিটানোর অভিযোগ, সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এক প্রতিবন্ধী ইজিবাইক চালককে মারধরের প্রতিবাদ করায় দুই ভাইকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ করা হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ছেলেদের বাবা মো. মিলন। গত ২৯ আগস্ট বিকেলে ঘটে যাওয়া এই হামলায় আহত জনি ও বিজয় নামে দুই ভাইকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মিলন জানান, ঘটনার দিন বিকেলে এক প্রতিবন্ধী ইজিবাইক চালক মোটরসাইকেল চালক লিটনকে ধাক্কা দিলে লিটন ইজিবাইক চালককে মারধর করছিলেন। তার ছেলে জনি এই এর প্রতিবাদ করলে লিটন এবং স্থানীয় বাসিন্দা মো. শাহীনসহ বেশ কয়েকজন তার ছেলেদের ওপর চড়াও হন।

একপর্যায়ে লিটন লোহার রড দিয়ে জনির মাথায় আঘাত করেন এবং অন্য বিবাদিরা তার অপর ছেলে বিজয়কে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, এই হামলার পর জনি ও তার বন্ধুরা অভিযুক্ত শাহীনের বাড়িতে ঘটনার কারণ জানতে গেলে তারা কোনো সদুত্তর দেয়নি। উল্টো নিজেদের অপরাধ ঢাকতে বিবাদী শাহীনের বাড়ি ভাঙচুর ও লুটপাটের একটি পাল্টা মিথ্যা ও বানোয়াট অভিযোগ সাজিয়েছেন।

মিলন দাবি করেন, শাহীনের বাড়িতে যাওয়ার সময় যুবকদের হাতে শুধু ক্রিকেট খেলার স্ট্যাম্প ছিল, কোনো দেশীয় অস্ত্র ছিল না এবং সেখানে কোনো ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটেনি, যার স্পষ্ট প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে। সংবাদ সম্মেলন থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণপূর্বক এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181996