পাঁচ বছরে বিদেশে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে : নুর

পাঁচ বছরে বিদেশে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে : নুর

মফস্বল ডেস্ক : আগামী ৫ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে।

এ বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। 

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে জনবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছে সরকার। তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নুরুল হক নুর বলেন, সরকার শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিবছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়ানো হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181941