১৭ বছর শতভাগ বিদ্যুতের বয়ান ছিলো শুভঙ্করের ফাঁকি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
গত ১৭ বছর বিভিন্ন এলাকায় ‘শতভাগ বিদ্যুতায়ন’ হয়েছে বলে যে প্রচার চালানো হয়েছে তা ছিলো ‘শুভঙ্করের ফাঁকি’ বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট দীর্ঘদিনের। স্থায়ী সমাধান না করে কুইক রেন্টালের নামে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের সমস্যা। গত ১৭ বছর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে বলা হতো, এই এলাকা শতভাগ বিদ্যুতায়িত হয়ে গেছে। আমরা অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ। এসবই ছিল শুভঙ্করের ফাঁকি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শরীফুল আলম বলেন, আইনশৃঙ্খলার সঙ্গে মাদকের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। পুলিশের একার পক্ষে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধী যে পরিচয়ই বহন করুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।