ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম
স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত সিরিজটি। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়। তবে বর্তমান সূচি অনুযায়ী এবারও সিরিজটি আয়োজনের সম্ভাবনা ক্ষীণ। তবু সিরিজ বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির এই সিরিজ আয়োজনের জন্য নতুন সময়সূচি খুঁজতে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, সিরিজটি আয়োজনের ব্যাপারে দুই বোর্ডই আন্তরিক এবং সম্ভাব্য নতুন সময় খুঁজছে।
তামিম বলেন, ‘ভারত সিরিজ হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দুটো বোর্ডই বিষয়টি নিয়ে খুব আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি; দুই পক্ষই সম্ভাব্য সময়সূচি খুঁজছে। কোন সময়ে সিরিজটি আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।’ মূলত দুই দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণেই সিরিজটির জন্য নতুন সময় বের করা সহজ হচ্ছে না বলে জানান বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘বাংলাদেশের মাঝখানে তিনটি সিরিজ আছে। ভারত ও বিসিসিআইও তাদেরম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তারপরও আমরা এ নিয়ে নিয়মিত আলোচনা করছি। তারিখগুলো নিয়ে কাজ হচ্ছে।’
২০২৫ সালের আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড ও বিসিবির আলোচনায় সফরটি এক বছরের বেশি সময় পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরেও সিরিজটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতিবেশী দুই দেশের সিরিজটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে; এমন আলোচনাও রয়েছে। তবে তামিম আশাবাদী, দুই বোর্ডের ইতিবাচক মনোভাবের কারণে সিরিজটি আয়োজনের সম্ভাবনা এখনো রয়েছে।
তিনি বলেন, ‘কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে দুই পক্ষের মনোভাব খুবই ইতিবাচক। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181916