দুই সপ্তাহে রংপুরে ৯ খুন মহানগরীতেই ৭
রংপুর প্রতিনিধি: রংপুরে হঠাৎ বেড়েছে হত্যাকাণ্ড। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে জেলা ও মহানগর এলাকায় অন্তত ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭টি হত্যাকাণ্ডই ঘটেছে রংপুর মহানগর এলাকায়। জমিজমা নিয়ে বিরোধ, পরকীয়া, মাদক সেবনে বাধা, পারিবারিক দ্বন্দ্ব, তুচ্ছ ঘটনা ও ছিনতাইকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। একের পর এক হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।
সমাজ বিজ্ঞানী নওশাবা চৌধুরী তুবা জানান, কর্মসংস্থানের অভাব, মাদকের সহজলভ্যতা, সামাজিক অবক্ষয় এবং পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে সহিংসতা বাড়ছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিরোধ দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া প্রয়োজন।
সর্বশেষ গত ২৮ আগস্ট রাতে রংপুর মহানগরীর সীমান্তবর্তী গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়া ফান্দা এলাকায় মোহাম্মদ মোকলেছুর রহমান(৪০) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালককে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর তার রিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে গত ১৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহানগরীর হারাগাছ এলাকার পলাশ মিয়া(৩৫)। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত হওয়ার নয় দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৩ আগস্ট নগরীর তাজহাট আনসারি মোড় এলাকার একটি রিকশা গ্যারেজের মালিক আব্দুর রহমানকে হত্যা করা হয়। টাকা ও অটোরিকশা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তার তালাকপ্রাপ্ত স্ত্রীসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৮ আগস্ট রাতে মিঠাপুকুরে মিজানুর রহমান(৪৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বাড়ি ফেরার পথেই তিনি হত্যার শিকার হন। এসব হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গত ২২ আগস্ট রাতে। নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী(৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী(৫০), মেয়ে আগামী চক্রবর্তী(২৫) ও ছেলে আয়ুষ চক্রবর্তীকে(১২) হত্যা করা হয়। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে চারজনকে হত্যা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর চার দিন পর, গত ২৬ আগস্ট মহানগরীর হারাগাছ থানা এলাকায় আবু বক্কর সিদ্দিক হোসেন(৩৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র সনাতন চক্রবর্তী বলেন, নগরীর আলোচিত চার খুন নিয়ে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে।
মহানগর পুলিশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে। মহানগরীতে আরও তিনটি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, জমিজমা নিয়ে বিরোধ ও প্রেমঘটিত কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181882